ইসরায়েলী মন্ত্রিসভায় গুপ্তচর নিয়োগের দাবি ইরানের

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:২৭
ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্যকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেয়ার দাবি করেছে ইরান। বুধবার এক টিভি সাক্ষাৎকারে ওই মন্ত্রীর নাম উল্লেখ না করে এ তথ্য জানান, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি। খবর এএফপির।
 
আলাভি বলেন, ‘আমরা একটি দেশের মন্ত্রিসভায় আমাদের গুপ্তচর ঢুকিয়ে দিয়েছি। অথচ দেশটির গোয়েন্দারা খুবই শক্তিশালী।’
 
আলাভি যার কথা ইঙ্গিত করেছেন তিনি ইসরায়েলের সাবেক জ্বালানি ও স্থাপনা বিষয়ক মন্ত্রী জোনেন সেজেভ। গত মাসে জেরুজালেমের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে সাজা দেয়।
 
এদিকে বিশেষ অভিযান চালিয়ে ইরানে অবস্থানরত কয়েকডজন ‘গুপ্তচর’ আটক করা হয়েছে বলেও জানিয়েছে আলাভি। এদের বেশিরভাগই দ্বৈত নাগরিক।
 
তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি আলাভি। তাদেরকে কোন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে কতদিন আটক রাখা হবে এসব কিছুই জানানো হয়নি।
 
ইত্তেফাক/টিএস