রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দ্বিতল আবাসিক ভবনে হঠাত্ ‘গ্যাস বিস্ফোরণে’ দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় ভবনটির দেয়াল উড়ে যায়। এতে আহত হন আরো ৭ জন। এদের মধ্যে অন্তত ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপলাইন থেকে নেওয়া অবৈধ গ্যাস সংযোগের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুজনই স্থানীয় নেক্সট এক্সেসরিজ লিমিটেড নামের পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলি নামের এক আইনজীবীর দোতলা একটি ভবন রয়েছে। মহাসড়কের পাশ দিয়ে স্থাপিত তিতাস গ্যাসের হাই-প্রেসারের পাইপ লাইন থেকে অবৈধ ভাবে ওই ভবনে গ্যাসের সংযোগ নেওয়া হয়। হাই-প্রেসারের পাইপলাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। ওই ভবনটি স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। শবেবরাতের কারণে মিল-কারখানা বন্ধ থাকায় লাইনে গ্যাসের প্রেসার ছিল বেশি। ভোর সোয়া ৩টার দিকে হঠাত্ করে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একটি দেয়াল ভেঙে প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। এসময় পুরো এলাকা কেঁপে উঠে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এদের মধ্যে শামিম ও হেলাল বিশ্বাস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সকরা।
আহতরা হলেন: নেক্সট এক্সেসরিজ লিমিটেডের শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া ও আরিফুর রহমান। আহতদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, অন্যরা যেভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমিও সেভাবেই নিয়েছি। তবে আমার বাড়িতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, আগেও এ ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। হাই-প্রেসার লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার জন্য এটা ঘটতে পারে। ঘটনার সময় গ্যাসের প্রেসার ছিল বেশি। হয়ত ভবনের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। আগুনের সংস্পর্শ পেয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, দুজন মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই তাদের ময়না তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
