রামগতিতে ৫০ লাখ টাকার কারেন্টজাল জব্দ

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৯
 
লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার প্রায় ৭ হাজার পাউন্ড কারেন্টজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সদর আলেকজান্ডার বাজার এলাকায় ইসমাইল মাঝির বাড়িতে সংরক্ষিত একটি গুদামঘর থেকে ওই জাল জব্দ করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে উপজেলা মৎস্য বিভাগ এবং লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীরহাট ও রামগতি কন্টিজেন্টের কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে অবৈধ জালগুলো উদ্ধার করে।
 
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, উপজেলা সদর আলেকজান্ডার বাজার এলাকার ইসমাইল মাঝি বাড়িতে বিপুল পরিমাণ কারেন্টজাল মজুত করে রেখেছেন বলে গোপন সূত্রে জানা যায়। পরে যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ির একটি গুদামঘর থেকে ৫০ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার পাউন্ড কারেন্টজাল উদ্ধার করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধার করা অবৈধ জালগুলো জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পরে উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় কোস্টগার্ড লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীরহাট কন্টিজেন্ট কমান্ডার হাবিবুর রহমান ও রামগতি কন্টিজেন্ট কমান্ডার ফখরুল ইসলামসহ মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ