বুদ্ধিজীবীদের জেলে নয়, গৃহে বন্দী রাখুন: ভারতীয় সু্প্রিমকোর্ট

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:৪৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে আটক হওয়া বামপন্থী বুদ্ধিজীবীদের পুলিশ হেফাজত বা কারাগারের বদলে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট। খবর এনডিটিভির। আদালতের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এ নির্দেশ মানতে বলা হয়েছে।
 
একই সঙ্গে কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দিতে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছে আদালত।
 
ভারতের পুলিশ মঙ্গলবার বিভিন্ন রাজ্যে নামকরা বামপন্থী লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার এক বামপন্থী ষড়যন্ত্রের সঙ্গে এদের যোগসাজশ পাওয়া গেছে।
 
দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, রাঁচী থেকে শুরু করে আরও অনেক জায়গায় এই পুলিশি অভিযান চলে।
 
এ অভিযানে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকরা বলছেন, সরকার ও তাদের ডানপন্থী উগ্র সংগঠনগুলোর সমালোচনার কারণেই এ অভিযান চালাচ্ছে সরকার।
 
ইত্তেফাক/টিএস