প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক গুরতর অসুস্থ

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৩:৫৩
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য মুক্তিযোদ্ধা হামিদুল হক গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছে পরিবার। 
 
হামিদুল হকের পুত্রবধূ শ্যামলী খাতুন জানান, বুধবার দুপুরের দিকে হঠাৎ করে তার শ্বশুর ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে এক পল্লী চিকিৎসকের মাধ্যমে স্যালইন দেয়া হয়। এর পরও সুস্থ না হলেও রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও ডাক্তাররা (চিকিৎসক) শরীরে স্যালইন পুশ করেন। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 
 
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) সাইফুর রহমান জানান, মুক্তিযোদ্ধা ও গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন ডায়রিয়ার চিকিৎসা শুরু করলেও তিনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন। লক্ষণ দেখে মনে হয়েছে তিনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। সে কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
হামিদুল হকসহ ১২ জন আনছার সদস্য ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবগর (তৎকালীন বৈদ্যনাথতলা) আম্রকাননে প্রথম সরকারের শপখ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করেছিলেন।
 
ইত্তেফাক/ইউবি