ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী দল লস্কর-ই-তৈবার সদস্যদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর লড়াই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াইয়ে এক সন্ত্রাসী নেতা নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাশ্মীরের বান্দিপোর জেলায় লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময় শুরু হয়।
সন্ত্রাসবাদীরা কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহীনির সদস্যরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। ঘটনায় এক লস্কর সন্ত্রাসীর মৃত্যু হয়।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলতে ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সন্ত্রাসী দলগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে।
এর আগে একইদিন, রাজধানী শ্রীনগরের প্রায় ৫১ কিলোমিটার দক্ষিণে অনন্তনাগ জেলার মুনিওয়ার্ড গ্রামে জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধে হিজাব উল-মুজাহিদিনের শীর্ষ কমান্ডার আলতাফ কচরু সহ অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। - এনডিটিভি ও এইসময়
ইত্তেফাক/ জেআর
