উত্তর কোরিয়া প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক গভীর: ট্রাম্প

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৬:৩২
উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফর বাতিলের মাত্র কয়েকদিন যেতে না যেতে মঙ্গলবার টুইটারে এ দাবি করলেন, ট্রাম্প। খবর বিবিসির।
 
দক্ষিণ কোরিয়াকে নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধ খেলা’র আর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
 
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্প এখন তার ঐ ঘোষণারও বিপরীত কথা বললেন।
 
চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রীষ্মকালীন সামরিক মহড়া আকস্মিক স্থগিত করেছিলেন ট্রাম্প।
 
টুইটে ট্রাম্প আবারও দাবি করেন, চীনের সহায়তার কারণেই সুযোগ পাচ্ছে উত্তর কোরিয়া। তার দাবি চীন উত্তর কোরিয়াকে কূটনৈতিকভাবে চাপে রাখলেও পণ্য, জ্বালানি, সার ইত্যাদি ঠিকই সরবরাহ করছে।
 
ইত্তেফাক/টিএস