সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গাজীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেল আহমদ (৩০) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারাকাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে এবং বিদ্যুৎ অফিসের লাইনম্যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাহেল মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে গাজীনগর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা নোয়াখালী বাজারে বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালালেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
