সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৪৭

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর সারা দেশে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। এর আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবেবরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে।

অপর দিকে দেশের গির্জাগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকার গির্জাগুলোতে নিরাপত্তার বিষয়ে বেশি সতর্ক রয়েছে র্যাব। বিশেষ করে নেত্রকোনার সীমান্তবর্তী গারো নৃ- গোষ্ঠী অধ্যুষিত উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলার বিভিন্ন গির্জায় র্যাবের প্রতিটি টহল দলে ২০ জন করে সদস্য রয়েছে। দুটি টহল দল নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এ আই চি (মিডিয়া) সোহেল রানা বলেন, শ্রীলঙ্কার ঘটনায় বাংলাদেশ পুলিশ সতর্ক আছে। বাংলাদেশে কোনো নাশকতার আশঙ্কা নেই। এর আগে ইস্টার সানডে ও পবিত্র শবেবরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। পাশাপাশি শ্রীলঙ্কার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। নিরাপত্তা নজরদারী বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চেকপোস্ট বসাতেও বলা হয়েছে।