স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে ঢুকে পড়ল বাস, নিহত ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২২:১০
যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বাস চাপায় ফরহাদ হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিকরগাছার উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে।
 
নিহত ফরহাদ হোসেন ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
 
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে যশোর থেকে আসা একটি খালি বাস সমাবেশের মধ্যে উঠিয়ে দেয়। এ সময় বাস চাপায় স্বেচ্ছাসেবক লীগের ৫-৬জন কর্মী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফরহাদকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে ফরহাদ মারা যান।
 
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা চাপা পড়ে। এতে ৪-৫জন আহত হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। 
 
ইত্তেফাক/বিএএফ