টাঙ্গাইলে চলন্ত বাসে প্রতিবন্ধীকে গণধর্ষণ

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২২:৫০
টাঙ্গাইলের চাঞ্চল্যকর রূপা গণধর্ষন ও হত্যার ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবারও চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে হেলপার নাজমুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় যাত্রীবাহী বাসের সুপারভাইজার বিশু, চালক আলম পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাস স্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে এক প্রতিবন্ধী কিশোরী যাত্রী ছাড়া বাসের সকলেই  গন্তব্যস্থলে নেমে যায়। 
 
বাসে কোন যাত্রী না থাকার সুযোগে ওই বাসের চালক আলম, সুপারভাইজার বিশু ও হেলপার নাজমুল মিলে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ বাসটির পিছু নেয়। বঙ্গবন্ধু সেতুর পুর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িসহ হেলপারকে আটক করতে পারলেও বাকি সবাই পালিয়ে যায়। 
 
পরে কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। মেয়েটি তার কোন নাম পরিচয় বলতে না পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের হেলপার ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার গ্রেপ্তারকৃত হেলপারকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু