দলের সব সিদ্ধান্ত ‘যৌথ নেতৃত্বে’ হচ্ছে দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি। সেই যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে সব সিদ্ধান্ত নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে আজকে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তাই আসুন, আমরা একসঙ্গে একটি গণ-আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
