ভারতের রাজস্থানে এক ব্যক্তিকে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে রাজ্যের এক আদালত। রাজ্যের ঝুনঝুনু আদালত পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে শুক্রবার বিনোদ বানজারা নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গত আগস্ট মাসের ২ তারিখ সে এক তিন বছরের শিশুকে ধর্ষণ করেছে।
পকসো আদালতের বিশেষ কৌঁসুলী নন্দকিশোর জানালেন, এইটাই হল প্রথম মামলা, যেখানে আদালতে চালান জমা দেওয়ার ২০ দিনের মধ্যেই অভিযুক্তের ফাঁসির আদেশ দেওয়া হল।
নন্দকিশোর বলেন, অভিযুক্তের নাম বিনোদ বানজারা। বয়স ২৩ বছর। রাজস্থানের দৌসার বাসিন্দা বিনোদ বাসনকোসন বিক্রি করে। সেটাই তার মূল জীবিকা নির্বাহের প্রধান উৎস বলে জানান নন্দকিশোর। বিনোদ বানজারাকে ফাঁসির আদেশ শোনান বিচারপতি নিরজা দাধিচ।
জানা গিয়েছে, গত আগস্ট মাসে দু’তারিখ ওই তিন বছরের শিশুটিকে ধর্ষণ করে বিনোদ। ওই শিশুটি সেইসময় তার দাদু-দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। বাসনকোসন বিক্রি করতে বেরিয়ে ওই শিশুটিকে বিনোদের চোখে পড়ে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সে শিশুটিকে তারপর ধর্ষণ করে চম্পট দেয়। শিশুটির দাদী বাড়ি ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করে।
সিসিটিভি ফুটেজ দেখে বিনোদকে ধরে পুলিশ। নিজের অপরাধের কথা স্বীকারও করেছে সে। নন্দকিশোর জানান, মাত্র সাতদিন আগেই বিনোদ নিজেই এক শিশুকন্যার পিতা হয়েছে। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
