নিলামে তোলা হচ্ছে ডায়ানার জন্য করা ‘বোরকা’র নকশা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৯
 
ব্রিটিশ বধূ প্রিন্সেস ডায়ানা ১৯৮৬ সালে যখন উপসাগরীয় এলাকায় ভ্রমণে যান তখন তার জন্য অনেক পোশাকের ডিজাইন করেছিল দি এমানুয়েল। সে সময়ে ডায়নার ভ্রমণের জন্য নকশা করা একটি বোরকা এই মাসে যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হবে। 
 
নিলামে বোরকার পাশাপাশি একটি নেভি এবং সাদা ডোরাকাটা কোট, সান্ধ্য-কালীন পোশাক, সাদা সিল্ক ক্রেপে এমব্রয়ডারি করা ক্রিস্টাল বসানো আরেকটি সান্ধ্য-কালীন পোশাকও থাকবে। এসব পোশাক এসেছে ডেভিড এবং এলিজাবেথ এমানুয়েলের ফ্যাশন হাউজ থেকে যারা প্রিন্সেস-ডায়ানার বিয়ের পোশাকেরও নকশা করেছিলেন। একজন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে এসব দ্রব্য বিক্রি করা হবে যার মূল্য ধরা হয়েছে ২৩ হাজার পাউন্ড।
 
ডিজাইনার এলিজাবেথ এমানুয়েলকে উদ্দেশ্য করে ডায়ানার রাজকীয় সাহায্য-কর্মী অ্যানি বেক-উইথ-স্মিথ গালফ ট্যুরের জন্য পোশাকের ডিজাইন করতে অনুরোধ তুলে ধরে যে চিঠি লিখেছিলেন তা-ও এই নিলামে স্থান পাবে।
 
প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লস ১৯৮৬ সালে ছয়দিনের সফরে উপসাগরীয় অঞ্চলে এবং সৌদি আরবে যান। নিলামের উদ্যোক্তারা বলছেন, সফরের সময় প্রিন্সেস ডায়ানা পোশাকের ক্ষেত্রে স্থানীয় রীতি-নীতির সাথে সামঞ্জস্য রেখে পোশাক পরার চেষ্টা করেন, তবে গলা এবং মাথা অনাচ্ছাদিতই রাখেন তিনি।
IMG0
সফরের সময় সৌদি আরবের রিয়াদে এক মরুভূমিতে পিকনিকে অংশ নেন প্রিন্সেস ডায়ানা। তবে রিজার্ভ আউট-ফিট হিসেবে মার্ক করা সেই বোরকা প্রিন্সেস ডায়ানার পরা হয়নি। সান্ধ্য-কালীন ভোজসভায় লম্বা হাতাওয়ালা পোশাক পরে উপস্থিত হতে দেখা গেছে তাকে যেসব পোশাক ওই সফরের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ