সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২
সাভার ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি প্রতিবাদ করায় উল্টো শিশুটির বাবাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবারের সদস্যরা। এঘটনায় শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওইদিন দুপুরে সাভার পৌর এলাকার সি.আর.পি ডগরমোড়া মহল্লায় এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। 
 
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ধর্ষক ও তার পরিবারের সদস্যরা গাঁ ঢাকা দেয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত শিপন (২৫) পরিবারের সঙ্গে থেকে স্থানীয় পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
 
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বকুল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার দুপুরে তার মেয়ে গোসল করতে বাথরুমে যায়। এসময় প্রতিবেশী অভিযুক্ত যুবক শিপন তার হাত ধরে টেনে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়ের চিৎকারে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করেন তিনি। 
 
বিষয়টি তিনি বাড়িওয়ালা বকুলকে জানালে তিনি কিছু টাকা নিয়ে চুপ থাকতে বলেন। তা না হলে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে মেয়েটির বাবা বাধ্য হয়ে বিষয়টি জানিয়ে রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
বাড়ির মালিক বকুল বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। একজন ভাড়াটিয়া একটি শিশুর হাত ধরেছিলো। বিষয়টি স্থানীয় কাউন্সিলর অফিসে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের বাবা তা না মেনে থানায় গিয়ে অভিযোগ দিয়েছেন। 
 
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদিন বলেন, লিখিত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/কেকে