ঈশ্বরদী শহরের পোস্টঅফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম পলাশ (২৩)। তিনি ঈশ্বরদী শহরের পিয়ারপুরের মুনছুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পলাশ পাবনা থেকে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদীর পিয়ারপুরের নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী পোস্টঅফিস মোড়ে রাস্তার ওপর পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন পলাশকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন পলাশের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
