খুলনায় দু’টি বধ্যভূমির স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। রবিবার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে স্মৃতিফলক উন্মোচন করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি কবি তারিক সুজাত এবং বটিয়াঘাটায় অবস্থিত বধ্যভূমিতে স্মৃতিফলক উন্মোচন করেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এ দু’টি স্মৃতিফলক নির্মাণ করে। স্মৃতিফলক উন্মোচনকালে পৃথক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বধ্যভূমির স্মৃতিফলক উন্মোচনকালে বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর দেশের একমাত্র গণহত্যা-নির্যাতন বিষয়ক জাদুঘর। যা একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই ট্রাস্টের অধীনে দীর্ঘদিন ধরে ফলক নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে বিভিন্ন সুধীজনের চাঁদার মাধ্যমে। তিনি কর্মসূচি বাস্তবায়নের পথে সৃষ্ট প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন এবং এই কর্মসূচিকে প্রকল্প হিসেবে গ্রহণ করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সরকারকে সাধুবাদ জানান।
কবি তারিক সুজাত বলেন, ‘এ ধরনের একটি মহান কর্মসূচির অংশ হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের গণহত্যা বিষয়ে আরও কাজ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি’।
ইত্তেফাক/এমআই
