আদিতমারীতে ট্রাক-ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মী আলমগীর হোসেন (১৮) নিহত হয়েছেন। আলমগীর কালীগঞ্জ উপজেলার ডুহুলী এলাকার শফিকুল ইসলামের ছেলে।
সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোর ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের সীতা রামের কলেজ পড়ুয়া মেয়ে মুক্তা রাণী (২৫), একই উপজেলার মহিষাশহর গ্রামের প্রাণেশ্বর (৪০), রতুল চন্দ্র (৩৫), খালেক (৩৫), জুয়েল (১৮)। এদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার নামুড়ি বাজার থেকে অটোযোগে লালমনিরহাট যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোটি দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
এদিকে ট্রাক চালকের সহকারী ফাহিম (২০) ও ট্রাকটিকে অাটক করেছে পুলিশ। ফাহিম রংপুর সদর উপজেলার আফজাল হোসেনের ছেলে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি
