কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ কর্মী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৫
পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অঞ্জন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে ফেরদৌস আহম্মেদ নামে এক ছাত্রলীগ কর্মী। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
আহত আওয়ামী লীগ নেতা অঞ্জন সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
অঞ্জন সরকার কেন্দুয়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর। এদিকে ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ছাত্রলীগ কর্মী ফেরদৌস আহম্মেদকে আটক করেছে।
 
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কেন্দুয়া পৌরসভার আদমপুর গ্রামের মৃত মনীন্দ্র চন্দ্র সরকারের ছেলে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অঞ্জন সরকারের ওপর আদমপুর গ্রামের লাল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী ফেরদৌস আহম্মেদ অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে আহতাবস্থায় উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
 
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। হামলাকারী ফেরদৌস আহম্মেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু