নওগাঁর আত্রাইয়ে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪শ’ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আত্রাই থানা উপ-পরিদর্শক সুতসোম সরকার বাদী হয়ে শনিবার রাতে এই মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার নতুন বাজার তুলাপট্টি তিন মাথার মোড় এলাকায় শনিবার পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মামলার আসামিরা হলেন, থানা বিএনপি’র আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজুসহ আব্দুল মান্নান, তছলিম উদ্দিন, শেখ একরামুল হক পিন্টু, শেখ মুনজুর রহমান, আব্দুল জলিল চকলেট, পারভেজ ইকবাল, জাকিরুল ইসলাম সনি, মো: আদর, নজরুল ইসলাম, আতাউর রহমান, আশরাফুল ইসলাম, মো. বাহাদুর, মো. পারভেজ, মো. আব্দুল মান্নান, মো. সাবু, মো. আলাউদ্দিন আলা, মো. আব্দুল হাকিম, মো. লুটু, মো. আলমগীর হোসেন, সোহেল, মো. মোনয়ার হোসেন লোটাস, মো. ইলিয়াস হোসেন, মো. জাহাঙ্গীর আলম পিন্টু, মো. আব্দুল মান্নান, মো. তারেক, মো. লিংকন, মো. আরিফ, মো. আব্দুল মতিন, বুলেট, ওহাব খামারুসহ অজ্ঞাতনামা আরো তিন/চারশ’ জন নেতাকর্মী।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। চার পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় উপ-পরিদর্শক সুতসোম সরকার বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এনে ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন/চারশ’ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কেকে
