মায়ানমারে কারারুদ্ধ দুই সাংবাদিকের মুক্তি দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩
সত্য প্রকাশের দায়ে ওয়া লোন এবং কিয়াও সোয়ে নামক রয়টার্স এর দুজন সাংবাদিককে মায়ানমারের একটি আদালত ৭ বছরের সাজা দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সাংবাদিকরা। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে ওই দুই সাংবাদিকের নিশর্ত মুক্তি দাবি করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারের আদালতের এই রায়ে প্রমাণিত হয়েছে মায়ানমারের সরকার ও সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে বর্বর অত্যাচার চালিয়েছে তা তাদের রাষ্ট্রীয় গোপনীয় কর্ম হিসেবে তারা মনে করে। তাদের সেই গোপন নিষ্ঠুরতার সংবাদ প্রকাশের কারণেই ‘অফিসিয়াল সেক্রেসি অ্যাক্টে’র আওতায় দুই সাংবাদিককে সাজা দেওয়া হয়েছে।
 
সাংবাদিকরা বলেন, মায়ানমার আদালতের এই নিন্দনীয় আদেশকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। সাংবাদিকতার স্বাধীনতার ওপর এ এক নির্মম আঘাত।
 
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মায়ানমারের সরকার ও সামরিক কর্তৃপক্ষ যে অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং পরিকল্পিত গণহত্যা। এই অপরাধকে ঢাকার জন্যই তারা সাংবাদিকতার স্বাধীনতাকে পদানত রাখতে চাচ্ছে।
 
মানববন্ধন থেকে ১) দুই সাংবাদিকের নিশর্ত মুক্তি, ২) রোহিঙ্গা শরণার্থীদের যথাযথ অধিকার ও মর্যাদার সঙ্গে মায়ানমারে প্রত্যাবাসন এবং ৩) মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার দায়ে মায়ানমারের সরকার ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিচার দাবি করা হয়।
 
'অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম' এই মানববন্ধনের আয়োজন করেছিল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গির খান বাবু বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/নূহু