শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তি দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬
জামালপুরে মেলান্দহ উপজেলার ভাবকীতে শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষক নেতা মিজানুর রহমান, রফিকুল আলম, শহিদুর রহমান, খায়রুল ইসলাম রুশো ও শিক্ষার্থী জেবুননেছা প্রমুখ। 
 
মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। বক্তারা প্রত্যেকেই শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান। 
 
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভাবকী বাজার থেকে বাড়ি ফেরার পথে চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঝাউগড়া আইডিয়াল স্কুলের শিক্ষক আমিনুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত আমিনুল জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
ইত্তেফাক/জেডএইচ