ফেনীতে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৪
ফেনীতে র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে লাল সুমন (৩২) ও  মো. কবির হোসেন (৩৫) নামে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
র‌্যাবের কমান্ডিং অফিসার সাফায়েত জামিল ফাহিম জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিতিত্তে র‌্যাব- ৭ এর টহল দল ফেনী সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মাদু মিয়া প্রকাশ মানু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী লাল সুমন (৩২) গুলিতে নিহত হয়। নিহতের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি ওয়ান শুটারগানসহ গুলি ও ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। তার বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র ও ডাকাতি সহ ১২টি মামলা রয়েছে বলে র‌্যাব জানান। 
 
অপরদিকে বুধবার ভোর ৪ টার দিকে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় টহলরত র‌্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় ঘটলে মৃত আনোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (৩৫) নিহত হয়। নিহতের কাছ থেকে ১ লক্ষ আশি হাজার পিছ ইয়াবা, ১টি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
 
ইত্তেফাক/বিএএফ