টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর সড়কের টেপিবাড়ী হতে ফলদা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। এ সময় ফলদা এস.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
বুধবার সকালে ভূঞাপুর-গোপালপুর সড়কের ফলদা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ আগস্ট ওই সড়কের বেহাল অবস্থা নিয়ে দৈনিক ইত্তেফাকে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। মানববন্ধন শেষে আলোচনসভার আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন জানান, দীর্ঘদিন ধরেই ওই সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর বলার পরও কোন কাজ শুরু হচ্ছে না। সড়কের অবস্থা খুবই নাজুক। যানবাহন চলাচল তো দূরের কথা মানুষের হাঁটাচলায়ও সমস্যা হচ্ছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সহকারি প্রধান শিক্ষক নুরুল আলম, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত জানান, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষকে সড়কটি সংস্কারের জন্য বলা হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। সম্প্রতি দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
ইত্তেফাক/এএম
