কাবুলে কুস্তি ক্লাবে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২০

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৯
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কুস্তি ক্লাবে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭০ জন। নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক ও জরুরী সেবাদানকারী কর্মীরা রয়েছেন। বুধবার এই ঘটনা ঘটে।
 
ক্লাবটিতে প্রথমে এক আত্মঘাতী বোমারুর হামলায় চার জন নিহত হয়। এই হামলার পর ঘটনাস্থলে জরুরী সেবাদানকারী কর্মীরা পৌঁছলে, একটি গাড়ি নিয়ে দ্বিতীয় হামলা চালায় অপর এক আত্মঘাতী বোমারু। শহরের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় এই হামলা চালানো হয়েছে।
 
হামলায় টোলো নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন।  ঘটনাটি নিয়ে এক টুইটে টোলো নিউজের প্রধান লুতফুল্লাহ নাজাফিজাদা বলেন যে, সংবাদ মাধ্যমটি তাদের সেরা দু’জন সাংবাদিক হারিয়েছে। 
 
এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস’র ছাপ পাওয়া গেছে। এর আগেও দাশ্ত-ই-বারচি জেলায় এধরণের হামলা চালিয়েছে আইএস। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর