গাইবান্ধার সদর উপজেলার কামারজানির পূর্ব কড়াইবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় সকল (১১ জন) যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া উপজেলার কেরানার চর থেকে নৌকাযোগে তিন শিশুসহ ১১ যাত্রী নিয়ে সদর উপজেলার কামারজানি ঘাটে আসছিলো। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝ পথে সদর উপজেলার পূর্ব কড়াইবাড়ী এলাকায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ডুবে যায়।
এসময় অপর একটি নৌকাযোগে গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদিকুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি দল চরে একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। এই ঘটনা দেখে তারা উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে কামারজানি ঘাট থেকে আরও পাঁচটি নৌকা নিয়ে স্থানীয়রা সেখানে যায়। তারা নদ থেকে ভাসমান অবস্থায় তিন শিশুসহ ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুর রহমান জানান, নৌকা ডুবির ঘটনায় তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার কাজ শুরু করেন।
ইত্তেফাক/জেডএইচ
