সাতক্ষীরা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শ্যামনগরের বালিয়াপুর ও আশাশুনির বসুখালি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল, ধারালো অস্ত্র এবং সাংগঠনিক, জিহাদি বই ও বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজহারুল ইসলাম। তাদের কাছ থেকে সাংগঠনিক বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন, একই রাতে আশাশুনির বসুখালি বাজারের খায়রুলের মাছের ঘরে গোপন বৈঠক করছিল নাশকতার বহু মামলার তিন আসামি উপজেলার গোদাড়া গ্রামের হাবিবুর রহমান, বসুখালির আলি হায়দার ও মো. আশরাফুল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ধারালো অস্ত্র।
ইত্তেফাক/বিএএফ
