ভবিষ্যতে বিদেশি কোনও রাষ্ট্রের স্বার্থরক্ষায় যুদ্ধ লড়বে না পাকিস্তান, তার কাছে দেশের স্বার্থই সবার আগে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনা শহীদ দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান।
একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনী ভূমিকারও প্রশংসা করলেন তিনি। সেনাদের উদ্দেশে তার মন্তব্য, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবীর অন্য কোনও দেশের সেনাবাহিনী এত আত্মত্যাগ করেনি।’
যুক্তরাষ্ট্রের নাম না বললেও ইমরানের এই মন্তব্য আসলে ট্রাম্প প্রশাসনের উদ্দেশে বার্তা বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখছে না পাকিস্তান, বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ জানিয়ে আসছে হোয়াইট হাউস।
গত সপ্তাহেই পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য বাতিল করার কথা জানিয়েছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সাহায্য দরকার। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে সেই লড়াইয়ে আমেরিকার পাশে নেই। খবর: আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/জেডএইচ
