অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে সরকার : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। সংবিধান মোতাবেক বর্তমান সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা আছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
 
মন্ত্রী গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। তবে কোনো একটি বিশেষ দল যদি নির্বাচনে অংশ না নেয় তাতে দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, দেশের অগ্রগতিই বলে দেয় উন্নয়নবান্ধব এ সরকার দেশকে কতখানি এগিয়ে নিয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেড়েছে। ৬৬ শতাংশ নাগরিকের কাছে জনপ্রিয় শেখ হাসিনা। এরকম একজন জনপ্রিয় এবং যোগ্যতাসম্পন্ন নেতার নেতৃত্বেই আমাদের এগিয়ে যেতে হবে।
 
রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে ওই সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/নূহু