ছাত্রীর রক্তাক্ত লাশের উপর মুমূর্ষু যুবক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পাশে এক স্কুলছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর পাশে এক যুবককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার দুপুর তিনটায় ঘটনাটি ঘটে। 
 
পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের বেলতল নামকস্থান থেকে পুলিশ মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 
 
নিহত স্কুলছাত্রীর নাম রিমা আক্তার (১৩)। সে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং হাইদগাঁও ইউনিয়নের মঞ্জুরুল আলমের মেয়ে। 
 
মুমূর্ষু যুবকের নাম মাসুদ (১৭)। সে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। তার বাড়ি পটিয়া পৌর সদরের ৯ নং ওয়ার্ডের গোবিন্দারখীল ফইল্লাতলি এলাকায়। 
 
নিহত স্কুলছাত্রীর পরনে ছিল ইউনিফর্ম। মেয়েটির গলার ডান পাশে জবাই করার স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মেয়েটির মুখে পাঁচ-ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যুবকটির গলাও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটির হাতটি রক্তাক্তবস্থায় দেখা গেছে। 
 
দক্ষিনভূর্ষি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়েদুল হক জানান, ‘স্কুল ছাত্রী ও যুবককে বিলের উপর পরে থাকাবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। তার ধারণা যুবকটি মেয়েটিকে জবাই করে হত্যার পর নিজেই গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।’
 
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে এ ঘটনা আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় জিআরপি থানা পুলিশ তদন্ত করে দেখবেন।’
 
ইত্তেফাক/জেডএইচ