রাজশাহী বিশ্ববিদ্যালয়

যৌন হয়রানি বন্ধে ও সচেতনতা বাড়াতে ‘ষষ্ঠ ইন্দ্রিয়’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১৭

  আকরাম হোসাইন

 

ষষ্ঠ ইন্দ্রিয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন স্বেচ্ছসেবীমূলক কাজ ছাড়াও যৌন হয়রানি বন্ধে ও সচেতনতা বৃদ্ধিতে পাবলিক ট্রান্সপোর্টে করে যাচ্ছে। পাশাপাশি যৌন হয়রানি বন্ধে কখনো স্কুলে-স্কুলে, কখনো পথচারী, আবার কখনো পরিবহনের চালক, হেলপার, যাত্রীদের সচেতন করতে বিভিন্ন স্টিকার, কর্মশালা করছে। এসব কর্মশালায় যৌন হয়রানি বিষয়ক সচেতনতা তৈরি ও নির্যাতিতদের নিয়ে কাউন্সেলিং করা, নিপীড়িতদের আইনি সহায়তা দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ‘সেইফ জোন’ প্রতিষ্ঠা, আত্মরক্ষা প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও ঋতুকালীন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করছে সংগঠনটি।

সংগঠনটি শিশু নিপীড়নের হার নির্ণয় ও পরিবহন ব্যবস্থা কতটা নারীবান্ধব সে বিষয়ে জরিপ পরিচালনা করে। এসব জরিপে উঠে এসেছে বেশিরভাগ নারীই পরিবহনে যৌন হয়রানির শিকার হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর ভদ্রা, রেলগেটসহ বিভিন্ন স্থানে, বাস, সিএনজি, অটো, লেগুনা ইত্যাদি পরিবহনে বিভিন্ন স্টিকার লাগিয়ে যাচ্ছে। এসব স্টিকারে ‘যৌন হয়রানিকে না বলুন’, আইনি সহায়তার জন্য ১০৯ নম্বরে কল করা, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’, স্লোগান সম্বলিত স্টিকারে উল্লেখ করা হয়।