রংপুরে চিকিৎসা নিয়ে দুর্ভোগে দরিদ্ররা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮
রংপুরের কাউনিয়া উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিন লাখ লোকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা। কিন্তু এখানে ডাক্তাররা ঠিক সময়ে আসেন না। প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। নেই কোনো প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা। এক্স-রে মেশিন ২টি অচল। সব কিছু মিলেই উপজেলার দারিদ্র মানুষ চিকিৎসা সেবায় অসহায় হয়ে পড়েছে। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জরুরী প্রয়োজনে রোগী নিয়ে তাদের কাউনিয়া থেকে ২৫ কিলোমিটার দূরে রংপুর জেলা সদরে গিয়ে অনেক টাকা ব্যয় করে এক্স-রে করতে হচ্ছে। 
 
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম এক্স-রে মেশিনটি স্থাপনের বছর খানেকের মাথায় নষ্ট হয়ে যায়। এরপর বেশ কয়েকবার ভাল করার চেষ্টা করা হয়েছে কিছু দিন চলে আবার নষ্ট হয়ে যায়। মেশিনটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দিয়েও কোন কাজ হয়নি। গত ৩ বছর আগে আর একটি আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে স্থাপন করা হয়। যা অপারেটরের অভাবে চালু করা সম্ভব হয়নি। 
 
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, শুধু এক্স-রে মেশিন ২টি নয় দীর্ঘ দিন ধরে ইসিজি মেশিন, রক্ত সংরক্ষণের রিফ্রেজেরেটর, ডিসটিল ওয়াটার তৈরি মেশিন চালু করা যায়নি।
 
তিনি আরো জানান, হাসপাতালের নানান সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন কাজ হয়নি। অ্যাম্বুলেন্স এর সমস্যাটি বর্তমান এমপি টিপু মুনশি চেষ্টার ফলে পাওয়া গেছে। 
 
উপজেলা চেয়ারম্যান মাহাফুজার রহমান মিঠু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যাগুলো জেলা মিটিং এ উপস্থাপন করবেন। 
 
ইত্তেফাক/জেডএইচ