সাংবাদিক নদী হত্যার আসামির রিমান্ড আবেদন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৬
পাবনার সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামসুজ্জামান মিলনকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 
 
পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে সোমবার তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আরবিন্দ সরকার।  রিমান্ডের শুনানির তারিখ পরবর্তী ধার্য করা হবে জানিয়ে আসামি মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 
 
এর আগে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নদী হত্যা মামলার প্রধান আসামি নদীর সাবেক শ্বশুর আবুল হোসেন এর  তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। 
 
গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন  নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদি হয়ে সুবর্না আক্তার নদীর সাবেক শ্বশুর-সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে পাবনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি