পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুব মহিলালীগ নেত্রীর ছেলেসহ আটক ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪
সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানা যুব মহিলা লীগ নেত্রীর ছেলেসহ চার বখাটেকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার একটি বাসা থেকে পুলিশ অপহৃত ওই নারীকে উদ্ধার করে।
 
আটককৃত ৪ বখাটে হলো, মধ্য গাজীরচট এলাকার থানা যুব মহিলা লীগের নেত্রী নাজমুন নাহার কাজলের ছেলে নকিব মিয়া (২০), একই এলাকার আলমাস হোসেনের ছেলে নাইমুর রহমান দুর্জয় (১৯), আব্দুল লতিফের ছেলে ফারুক হোসেন (২২) ও আব্দুস সালামের ছেলে আল আমিন (২০)।
 
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে ওই নারী পোশাক শ্রমিককে জোর করে তুলে নেয় নকিব ও তার সহযোগীরা। এক পর্যায়ে অপহরণকারীরা ওই পোশাক শ্রমিককে স্থানীয় চারাল পাড়ার একটি বহুতল ভবনের ফ্লাটে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের বাসিন্দা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
 
অপহৃত পোশাক শ্রমিকের স্বামী জানান, দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো নকিব ও তার সহযোগীরা।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু জানান, অপহৃত নারীর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগে দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু