বঙ্গোপসাগরে মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া একটি ফিসিং ট্রলারের ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করছে নৌবাহিনী। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩ জেলে। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছধরার ফিসিং ট্রলার এফবি স্বাধীন-৩ কে মোংলাগামী নাসির জাহাজ নামের একটি লাইটারের জাহাজ ধাক্কা দেয়। জাহাজের ধাক্কায় ফিসিং ট্রলারটি ১২ জেলেসহ সাগরে ডুবে যায়। ট্রলার ডুবে যাওয়ার সংকেত পেয়ে সাগরে কাছাকাছি থাকা বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তুরাগ তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৯ জেলেকে উদ্ধার করে। নিখোঁজ ৩ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনী জনসংযোগ দপ্তরের একজন কর্মকর্তা জানান, সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী উদ্ধার দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। গভীর সাগরে তাদের জাহাজ অবস্থান করায় বিস্তারিত জানা সম্ভব হচ্ছেনা।
ইত্তেফাক/বিএএফ
