তিলকপুরে সোলার স্ট্রিট লাইট আছে ব্যাটারি নেই!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা সৌর বিদ্যুতের সোলার স্ট্রিট লাইটগুলোর ব্যাটারি না থাকায় দীর্ঘ ধরে তা অচল হয়ে পড়েছে। টিআর প্রকল্পের আওতায় প্রায় আট লাখ টাকা ব্যয়ে তিন বছর আগে স্ট্রিট লাইটগুলো স্থাপন করা হয়েছিল।
 
স্থানীয়রা জানান, সৌর বিদ্যুতের সোলার স্ট্রিট লাইট স্থাপনের কিছুদিন পরই ৭টি লাইটের ব্যাটারি চুরি হয়ে যায়। ব্যাটারি না থাকায় স্ট্রিট লাইটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে লাইটগুলো সচলের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
 
সরেজমিনে জানা যায়, তিলকপুর রেলস্টেশনের সিএনজি স্ট্যান্ড, জনতা ব্যাংক, তিলকপুরহাটের ধানহাটী, তিলকপুর মোড়ে রায়কালী ভ্যানস্ট্যান্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেন আলী মাস্টারের মিলের সামনে, পূর্ব বাজার ও পশ্চিম বাজারে স্ট্রিট লাইটগুলো স্থাপন করা হয়েছিল। সবগুলো স্ট্রিট লাইটের ব্যাটারি চুরি হয়ে যায়। স্ট্রিট লাইটের ব্যাটারিগুলো তিলকপুর রেলগেট এলাকার একজন ভাঙারীর দোকানদার কেনেন। ওই ভাঙারীর দোকান্দার যার কাছ থেকে ব্যাটারিগুলো কিনেছেন তার নাম বলে দেন। পরে সালিশি বৈঠকে ভাঙারী দোকানীর আশি হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, তিলকপুরে স্থাপিত সবগুলো সৌর বিদ্যুতের সোলার স্ট্রিট লাইটের ব্যাটারি চুরি হয়ে গেছে। তিলকপুর বাজারের একজন ভাঙারী দোকানন্দার ব্যাটারিগুলো কিনেছিলেন। সেটি জানার পর সেই ভাঙারী দোকানদারের জরিমানা করা হয়েছিল। তবে তিনি এখনো জরিমানার পুরো টাকা দেননি।পুরো টাকা পেলে ব্যাটারি কেনার ব্যবস্থা করা হবে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহিম বলেন, টিআর প্রকল্পর আওতায় তিলকপুর বাজারে সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। স্থাপনের কিছুদিন পর সবগুলো স্ট্রিট লাইটের ব্যাটারি চুরি হয়।
 
ইত্তেফাক/বিএএফ