শরণখোলায় বজ্রপাতে একজন নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১
বাগেরহাটের শরণখোলায় বুধবার দুপুরে পৃথক স্থানে  বজ্রপাতে বিপুল হালদার (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং দুটি গাভী মারা গেছে। উপজেলার হোগলপাতি ও দক্ষিণ রাজাপুর  গ্রামে এ ঘটনা ঘটে। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া একটার দিকে হোগলপাতি গ্রামের বিমল হালদারের পুত্র বিপুল হালদার বাড়ির গোয়াল ঘরে গরুকে ঘাস কেটে দেয়ার সময় বৃষ্টির মধ্যে আকস্মিকভাবে তার উপর বজ্রপাত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার বলেন, বিপুলকে মূলত মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
অপরদিকে বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর মাঝেরচর গ্রামে জাকির হাওলাদারের গোয়াল ঘরে বজ্রপাত হলে দু’টি গাভী মার যায় বলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন জানিয়েছেন।
 
ইত্তেফাক/জেডএইচ