নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী হুশিয়ার করে বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কোন পুলিশ সদস্যেরও ছাড় নেই। এলাকার কে কি করে, তা সবই আমরা জানি। সময় থাকতে ভালো হয়ে যান। অন্যথায় কঠোর শাস্তি ভোগ করতে হবে।
বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, তথ্য দাতারাই আমাদের সোর্স বা উৎস। আপনারা সমাজের সচেতন লোকেরা যদি অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দুষ্ট সোর্সরা সুযোগ পাবে না। সমাজে যেমন ভালো লোকের পাশাপাশি খারাপ লোক রয়েছে তেমনি আমাদের পুলিশ বাহিনীতেও কিছু খারাপ লোক রয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে প্রশাসন ছাড় দিচ্ছে না। যা আপনার অবগত রয়েছেন। তিনি স্থানীয় এলাকাবাসীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক তাজিম বাবু, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুঁইয়া জুলহাস, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ বারী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম, থানা জাপা সভাপতি কাজী মহসিন প্রমুখসহ এলাকাবাসী। এসময় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পুলিশের সোর্সদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ইত্তেফাক/জেডএইচ
