চীনের হুনান প্রদেশের হেনজিয়াং নগরীতে এক ব্যক্তি একটি ব্যস্ত সড়কে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরো ৫০ জন। স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেন, নগরীর ব্যস্ত একটি মোড়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪০ মিনিটে (১১:৪০ জিএমটি) এক ব্যক্তি লাল রঙের একটি স্পোর্টস কার (এসইউভি) পথচারীদের উপর তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, আহতদের কয়েকজনকে খুব সম্ভবত ছুরিকাঘাতও করা হয়েছে। পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। তার পূর্ব অপরাধের রেকর্ড আছে বলে জানান কর্মকর্তারা। এটা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ইচ্ছাকৃত এবং জানমালের ক্ষতি করার উদ্দেশে এটা করা হয়েছে। হামলাকারি গাড়ি চালকের নাম ইয়াং। অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।
