রামগড়ে প্রাইভেটকারে আগুন, আহত ২

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৯
খাগড়াছড়ির রামগড়ে বুধবার রাতে একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারের চালক ও আরোহীকে মারধর করা হয়। 
 
গাড়ির চালক ও অপর আরোহী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের গাড়িটি থামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং দুজনকে মারধর করে আহত করেছে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে জালিয়াপাড়া সড়কের বনবীথি বাগান এলাকায় মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার আগুনে পুড়ে যায়। খবর পেয়ে রামগড় ফায়র সার্ভিস স্টেশনের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।
 
প্রাইভেটকারের আরোহী মাটিরাঙ্গার ব্যবসায়ী ও বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গা পৌর কমিটির আহ্বায়ক  মো. জালাল উদ্দিন জানান, মুখোশপড়া দুর্বৃত্তরা বনবীথি বাগান এলাকায় গাড়িটি থামিয়ে চালক মো: রায়হান ও তাকে মারধর করে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্মার্ট ফোন সেট ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়।
 
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মো: আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থামিয়ে আগুন লাগানো এবং চালক ও আরোহীকে মারধর করার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি