বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আফরুজা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার তালোড়া ইউনিয়নের বড়চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা আফরুজাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে।
 
নিহত আফরুজা বেগম বড়চাপড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
 
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, আফরুজা তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। এ সময় গৃহবধূর স্বামী আব্দুল মান্নান ও তার বড় মেয়ে বাড়িতে ছিলো না। বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দার টিনের দরজা কেটে আফরুজার ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। ভোর রাতে ছোট মেয়ে বাড়ির বাহিরে এসে কান্নাকাটি করলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আলমগীর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। নিহতের স্বামী বাদী হয়ে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
 
ইত্তেফাক/বিএএফ