বাগেরহাটে খাল থেকে বস্তাবন্দী অজ্ঞাত (১৯) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের সোহরাব হাওলাদারের বাড়ির পাশে কাটাখাল থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা, দূরের কোথা থেকে দুর্বৃত্তরা এই তরুণীকে নিয়ে এসে ধর্ষণের পর হত্যা করে এখানে মরদেহটি ফেলে গেছে।ওই তরুণীর গায়ের রং শ্যামলা, তার পরনে কালো বোরকা, খয়েরী রং এর কামিজ রয়েছে।
বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের সোহরাব হাওলাদারের বাড়ির পাশে কাটাখালের পানিতে একটা বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে বস্তাটি পানি থেকে তুলে তা খুলে এক তরুণীর মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় গ্রামবাসীকে ডেকে ওই তরুণীর মরদেহ দেখানো হলেও তার কেউ তাকে চিনতে পারেনি।
কয়েক দিন আগে দূরের কোথা থেকে দুর্বৃত্তরা এই তরুণীকে নিয়ে এসে ধর্ষণের পর হত্যা করে এখানে মরদেহটি ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ইত্তেফাক/বিএএফ
