বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে ১৮ রোহিঙ্গা আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১
আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে বিজিবি। বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিল তারা। বৃহস্পতিবার বিকালে আটককৃতদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
 
যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী পরিবহণযোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালানো হয়। বিকাল ৫টার দিকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশী করে ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।
 
আব্দুস সালাম নামের রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভালো কাজ দেবে বলেছে।
 
ইত্তেফাক/নূহু