ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তালেরতল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক হলেন, সিলেট জেলার মোগলাবাজার থানার জালালপুর গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র সাহেদ আলী (৩০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
 
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী ট্রাক (নং ঢাকা মেট্রো ন-১৩-৪৬১৮) ও অজ্ঞাত একটি লোকালবাস প্রতিযোগীতা করে শেরপুরের দিকে যাচ্ছে। পথিমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তালেরতল নামক স্থানে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সাহেদ আলীর মৃত্যু হয়।
 
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং ট্রাক আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসে। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র ভৌমিক বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/নূহু