হাটহাজারীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪
হাটহাজারীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে আবু তৈয়ব (১৬) ও নুরুল হুদা (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ি পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আবু তৈয়ব ফটিকছড়ি থানার নানুপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ও সিএনজি ড্রাইভার নুরুল হুদা একই গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে।
 
থানা সূত্রে জান যায়, হাটহাজারী সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে সিএনজি (চট্ট-থ-১২-৯১২৭) ফটিকছড়ি যাওয়ার পথে উপজেলার বুড়ি পুকুর সংলগ্ন এলাকায় নগরমুখী একটি মাইক্রোবাসের (চট্ট-মেট্রো চ-১১-২৬৮৪) সাথে বৃহস্পতিবার রাত এগারটা পঞ্চান্ন মিনিটের দিকে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সিএনজি ড্রাইভার নুরুল হুদা ও তার ভাতিজা আবু তৈয়ব ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাপাতালে পাঠিয়ে দেয় এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি  জব্দ করে থানায় নিয়ে যায়।
 
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ