তানোরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৪
রাজশাহীর তানোরে ইতি খাতুন (১৪) নামের এক মেয়ের বাল্য বিয়ে বন্ধ করে দিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা । শুক্রবার ইতির বিয়ের সকল আয়োজন করেছিলেন তার পিতা আব্দুল হামিদ। দুই দিন আগ থেকে চলছিল বিয়ের আয়োজন। বেলা ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ইতির বাড়িতে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিনিধিসহ পুলিশ হাজির হন। পুলিশ দেখে ইতির পিতা আব্দুল হামিদ ও মা শিরিনা বিবি বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
 
বাল্য বিয়ে বন্ধসহ বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ইতির মামা সোহেল রানা, খালা পারভীন বিবি ও জোসনা বিবিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে পুঠিয়া উপজেলা বরের লোকজন বিষয়টি জানতে পেরে বিয়ে করতে তানোরে ইতির বাড়িতে আসেনি।
 
তানোর থানা এসআই রহিম জানান, বিকাল ৪টার দিকে ইতির মা শিরিনা বিবি অঙ্গীকারনামা দিয়ে আটক তিনজনকে ছাড়িয়ে নিয়ে যান। অঙ্গীকারনামায় ইতিকে বাল্য বিয়ে দেবে না মর্মে উল্লেখ করেন।
 
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী বলেন, ফোনে বিষয়টি শোনার পর পুলিশসহ আমার প্রতিনিধি ঘটনাস্থলে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করি। মেয়েটি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে আর স্কুলে যায়নি। 
 
ইত্তেফাক/নূহু