নাগরপুর সদর বাজারের তালতলা রাস্তার বেহাল দশা!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪২
নাগরপুর-মির্জাপুর সড়কের নাগরপুর সদর বাজারে তালতলা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তাটি খানা-খন্দকের ফলে স্কুল-কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রী, হাট-বাজারের ক্রেতা-বিক্রেতা ও যানবাহন নিয়ে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে অথবা রিকশা, ভ্যানসহ কোনো যানবাহন চলাচলও করতে পারছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
 
সরেজমিনে দেখা যায়, খানা-খন্দকের ফলে স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, বিভিন্ন যানবাহন, মালামাল বহনকারী গাড়ি এই সড়কটি দিয়ে আসা-যাওয়ার পথে হাজার হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটির বেহাল দশার কারণে রাত-দিন চলাচল করতে গিয়ে পথচারীরা হোঁচট খেয়ে ঘটছে বিভিন্ন প্রকার অপ্রীতিকর দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যাবসায়ী জানান, এ সরকারের আমলে সারা দেশের রাস্তাঘাটের উন্নয়ন হলেও নাগরপুরের রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। স্থানীয় সংসদ সদস্য আলহাজ খন্দকার আব্দুল বাতেন ১০ বছর এমপির দায়িত্ব পালন করার পরও আমাদের এই বাজারের রাস্তার কোনো উন্নয়ন ও সংস্কার করেননি এবং উপজেলা প্রকৌশলীর উদাসীনতার কারণেও রাস্তা মেরামত হচ্ছে না।
 
রাস্তার উন্নয়নের ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ শাহীনুর আলম জানান, আমি নাগরপুরে সবেমাত্র যোগদান করেছি, নাগরপুর সদর বাজারের রাস্তাটির বেহাল দশা, ইট-বালু উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে শুনেছি। রাস্তার গুরুত্ব বুঝে মেরামত ও রক্ষণাবেক্ষণ হয়ে থাকে।
 
ইত্তেফাক/নূহু