কাপ্তাই-রাঙ্গামাটি-বড়াদম সড়কের ১১ স্থানে ভাঙন আতঙ্ক!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪০

দুর্ঘটনার আশঙ্কা

 কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই-রাঙ্গামাটি-বড়াদম নতুন সড়কের অন্তত ১১ স্থানে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। এসব ভাঙনকবলিত এলাকা দিয়ে বাস, ট্রাক, মাইক্রো, সিএনজিসহ সেনাবাহিনী এবং বিজিবির বিভিন্ন ধরনের যানবাহন প্রতিদিন চলাচল করছে। সড়কের একেবারে কিনারা ঘেঁষে ভাঙন চলে এসেছে। বর্তমানে বৃষ্টিপাত নেই। তারপরও সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। আর কয়েক দিন পরেই শুরু হবে বর্ষা মৌসুম। তখন এইসব ভাঙনকবলিত সড়ক এলাকার ভাঙন আরো তীব্র হবার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।

বড়গাঙ এলাকার ব্যবসায়ী সুশান্ত চাকমা জানান, এই সড়কে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। এর মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া স্কুল বাসও চলাচল করে থাকে। সড়কের ভাঙন বর্তমানে এমন আকার ধারণ করেছে যে, যে কোনো মুহূর্তে সড়কটি ধসে পড়তে পারে। দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় এই সড়ক ধসে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আশরাফী বলেন, ২০১৭ সালের ভয়াবহ পাহাড় ধসে মাটিচাপা পড়ে রাঙ্গামাটিতে ১২২ জন মানুষ মৃত্যু বরণ করেছেন। অনেকে এখন পর্যন্ত সুস্থজীবন ফিরে পাননি। বর্তমানে সড়কে যেভাবে ভাঙন আতঙ্গ দেখা দিয়েছে তাতে এই সড়ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা বলেন, সড়কটি দেখভাল করার দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। সওজের নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে একাধিকবার বলা হয়েছে। কিন্তু সওজের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন জানান, রাঙ্গামাটি বড়াদম সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের নাজুক পরিস্থিতির কথা সওজ বিভাগ অবগত আছে। অল্প সময়ের মধ্যে যাতে সড়কটির প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।