সাঁথিয়ায় স্ত্রীকে নির্যাতন, মামলা করায় প্রাণ নাশের হুমকি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০
সাঁথিয়ায় যৌতুক দিতে না পারায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার রাশিন আখতার শোভা নামে এক গৃহবধূ। নির্যাতনে অতিষ্ট হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন পাবনা আদালতে। মামলা করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা।
 
জানা গেছে, ২০০৫ সালের ২ মে মাসে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে শোভার সঙ্গে উপজেলার আতাইকুলা থানার আতাইকুলা গ্রামের জহুরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম জনির বিয়ে হয়। তাদের ঘরে সুমন নামে ১০ বছরের পুত্র সন্তান ও রিয়া নামে ৬ বছরের কন্যা সন্তান রয়েছে।
 
চাষাবাদের জন্য পাওয়ার টিলার কেনার জন্য স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে শোভার বাবার কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক হিসেবে আনার জন্য চাপ দেন। শোভার দরিদ্র পিতার কাছ থেকে টাকা এনে দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি। যৌতুকের টাকা দিতে না পারায় শ্বশুর বাড়ির লোকজন এক পর্যায়ে শোভাকে বাবার বাড়ি তাড়িয়ে দেয়।
 
কোন উপায়ান্ত না পেয়ে শোভা আদালতে স্বামী জাহাঙ্গীর আলম জনি, শ্বশুর জহুরুল হক ও শাশুড়ি জোছনা খাতুনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। যার নং সিআর-১২৮/২০১৮।
 
শোভা অভিযোগ করেন, মামলা করার পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন মোবাইলে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। শিশু সন্তানসহ দরিদ্র পিতার বাড়ি এসে শোভা মানবেতর জীবন যাপন করছে।
 
ইত্তেফাক/আরকেজি