ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১০ জনের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৮
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসি উপকূলের অদূরে এক ফেরি ডুবে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফেরিটিতে আগুন লেগে তা ডুবে যায়। শুক্রবার এই ঘটনা ঘটে।
 
শনিবার সরকারের এক কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা ফেরি থেকে ১০টি লাশ ও ১২৬ জন যাত্রীকে উদ্ধার করেছে। 
 
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বাম্বাং এরবান বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাউবাউ শহর থেকে ছেড়ে যাওয়া কেএম ফুংকা পারমাতা ফেরিটি মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাঙ্গাই বন্দরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে ফেরিটিতে আগুন লেগে সাগু দ্বীপের অদূরে তা ডুবে যায়।
 
তিনি বলেন, নৌযানটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত এটি সাগু দ্বীপের অদূরে ডুবে যায়। শনিবার সকালে নৌযানটির জীবিত যাত্রীদের বাঙ্গাই বন্দরে নিয়ে আসা হয় । সম্ভাব্য নিখোঁজ লোকদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর